গাড়ির ব্যবসায় নামছে ফক্সকন

১৯ অক্টোবর, ২০২১ ০৭:৪১  
বিদ্যুচ্চালিত গাড়ির ব্যবসায় নামছে তাইওয়ানের প্রযুক্তি জায়ান্ট ফক্সকন। সম্প্রতি নিজেদের তিন মডেলের গাড়ির প্রোটোটাইপ দেখিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স। বতর্মানে অ্যাপলসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য চুক্তিভিত্তিক ভোক্তা পণ্য উৎপাদনের মধ্যেই ফক্সকনের কার্যক্রম সীমাবদ্ধ ছিলো। তবে বিশ্বব্যাপী বিদ্যুচ্চালিত গাড়ির সম্ভাবনাময় বাজার দেখে বসে থাকতে পারেনি কোম্পানিটি। প্রোটোটাইপ উন্মোচনের মাধ্যমে নিজেদের উচ্চাভিলাষী পরিকল্পনা তুলে ধরেছে ফক্সকন। গাড়ি নির্মানে তাইওয়ানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ইউলন মোটর কোম্পানি লিমিটেডের সাথে যুক্ত হয়েছে ফক্সকন। প্রতিষ্ঠা করা হয়েছে ‘ফক্সট্রন’ নামের নতুন যৌথ উদ্যোগ। ফক্সট্রনের ভাইস চেয়ারম্যান সো চি-সেন জানিয়েছেন, আগামী পাঁচ বছরে বিদ্যুচ্চালিত গাড়ির বাজার হবে এক ট্রিলিয়ন তাইওয়ানিজ ডলার; যা প্রায় সাড়ে তিনশ’ কোটি ডলার। আর এই গাড়ির বাজারে মূল সারিতে প্রতিষ্ঠা পেতে চায় ফক্সকন। ইউলনের একটি ব্র্যান্ডের অধীবে বিক্রি হবে এসইউভি। ২০২৩ সালেই এটি তাইওয়ানের বাজারে আনার পরিকল্পনা রয়েছে ফক্সকনের। আর বিদ্যুচ্চালিত বাসটি ফক্সট্রনের ব্যাজে দেখা মিলবে। দক্ষিণ তাইওয়ানের একাধিক শহরে স্থানীয় পরিবহন সেবাদাতার সঙ্গে অংশীদারিত্বে চলবে এই বাস। তবে সেডানগুলো কোন ব্র্যান্ডের অধীনে বিক্রি করা হবে সেটি জানায়নি ফক্সকন। ডিবিটেক/বিএমটি